বাংলাদেশ
স্বাস্থ্যবিধি মেনে আনিসুজ্জামানের দাফন সম্পন্ন

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পিতা আবু তাহের মোহাম্মদ মোয়াজ্জেমের কবরের পাশে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার কিছু পরে রাজধানীর আজিমপুর কবরস্থানে প্রথমে গার্ড অব অনার দেয়া হয় এই গুনী ব্যক্তিকে। পরে তার দাফন সম্পন্ন করা হয় ।
সকাল নয়টায় মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় করোনার স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেল চারটা ৫৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএসএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুজ্জামান। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হলেও রাতে জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন। ফলে শ্রদ্ধাঞ্জলি ও জানাজার সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবার।



