স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আউট’ এর মাধ্যমে আবারো ফিরলেন ঈশিতা

ছোটপর্দার নন্দিত অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা দীর্ঘ বিরতি ভেঙে আবারও পর্দায় ফিরেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নট আউট’ এর মাধ্যমে আবারো দেখা যাবে ঈশিতাকে।
পারিবারিক গল্পের ‘নট আউট’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নির্মাতা মিজানুর রহমান আরিয়ার।
একটি পরিবারের অপরাজিত যুদ্ধের গল্পে নির্মিত হচ্ছে ‘নট আউট’। এতে ঈশিতাকে পরিবারের বড় মেয়ের চরিত্রে অভিনয়ে দেখা যাবে। ঈশিতা অভিনয় করেছেন তানিয়া চরিত্রে।
সেখানে ঈশিতার ছোট ভাইয়ের চরিত্রে দেখা যাবে তরুণ অভিনেতা খায়রুল বাসারকে। মায়ের চরিত্রে থাকছেন ওয়াহিদা মল্লিক জলি।
গেল বছরের জানুয়ারিতে ‘ইতি, মা’ ও ‘কেন’ শিরোনামের নাটকে দেখা গিয়েছিল রুমানা রশীদ ঈশিতাকে।
ঈশিতা বলেন, ‘দেশের করোনা পরিস্থিতিতে কাজ করতে খুবই ভয় লাগে। এজন্যই আসলে এতো দীর্ঘ বিরতি। তারপরও ভয়ে ভয়ে কাজটা করেছি।’
মূলত শিশু শিল্পী হিসেবেই বেশি পরিচিত ঈশিতা। নতুন কুঁড়ি শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে নাম লিখেছেন অনেক আগেই। কিন্তু এতো বছর পরও তিনি সাংস্কৃতিক অঙ্গণে থেমে নেই। নিয়মিত সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।
আসছে ঈদুল আজহায় দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে ‘নট আউট’ স্বল্পদৈর্ঘ্যটি প্রচার হবে।



