বাংলাদেশ

পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট, আদেশ মঙ্গলবার

কুয়েতের আদালতে দণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট শুনানি অনুষ্ঠিত হয়েছে।

আগামীকাল মঙ্গলবার রিটের বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।

আজ সোমবার (০৭ জুন) রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

পাপুলের পক্ষে তার বোন নুরুন্নাহার বেগম গত মার্চে এই রিট করেন। রিটে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি অর্থ ও মানবপাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এদিকে লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে আগামী ২১ জুন ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button