সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ মঙ্গলবার

নির্বাচন কমিশন (ইসি) সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার।
ইতিমধ্যে এ লক্ষ্যে গত ১৫ মার্চ ৪০ জন বিশিষ্ট নাগরিককে আমন্ত্রণপত্র দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
ইসির যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজামান বলেন, মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের কনফারেন্স রুমে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
জানা গেছে, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম মো. শহিদ খানসহ মোট ৪০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে গত ১৩ মার্চ ৩০ জন শিক্ষাবিদের সঙ্গে সংলাপের আয়োজন করেছিল ইসি।
জানা গেছে, আগামী ৩০ মার্চ গণমাধ্যমের সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর নারী নেত্রী ও দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠকে বসবে কমিশন ।



