সিলেটে হরতালের সমর্থনে হেফাজতের মিছিল

হেফাজতে ইসলাম বাংলাদেশ, হরতালের সমর্থনে সিলেট নগরে বিক্ষোভ মিছিল করেছে।
শনিবার (২৭ মার্চ) আছরের নামাজের পর নগরের বন্দরবাজার এলাকায় নেতাকর্মীরা হাতে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভে নামেন। মিছিলটি কালেক্টরেট মসজিদের সামনে থেকে বের হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
এরপর আবার কালেক্টরেট মসজিদের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন মিছিলকারীরা। এসময় এপিসি-জলকামান নিয়ে সমাবেশস্থলের চারিদিক ঘিরে রাখে পুলিশ।
এদিকে হেফাজতের কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকার ঘটনা এড়াতে আসরের নামাজের ঘণ্টাখানেক আগ থেকে কালেক্টরেট মসজিদের আশপাশে পুলিশ, র্যাব, সিআরটি ও বিভিন্ন শাখার শতাধিক সদস্য সতর্ক অবস্থান নেয়।
শনিবার সকাল থেকে নগরের কোর্ট পয়েন্ট, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, সুবিদবাজার, আম্বরখানা, শাহী ঈদগাহ, টিলাগড়, শিবগঞ্জ, মিরাবাজার ও উপশহরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীকে মহড়া দিতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকায় বসানো হয়েছে নিরাপত্তাচৌকি।
এর আগে শনিবার (২৭ মার্চ) দুপুরে নয়াসড়ক এলাকায় মিছিল করেছে জামাত-শিবির। মিছিল থেকে ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া দুপুরে হরতালের সমর্থনে নগরের জিন্দাবাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।



