স্পোর্টেইনমেন্ট

করোনায় মৃতদের দাফনকার্যে অ্যাম্বুলেন্স দিলেন সাকিব

মাস্তুল ফাউন্ডেশনের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের ফাউন্ডেশন। সাকিবের সরাসরি তত্ত্বাবধানে মাস্তুল ফাউন্ডেশনকে দেয়া হয়েছে একটি অ্যাম্বুলেন্স। যা ব্যবহার করা হবে করোনায় মৃতদের দাফনের কাজে।

নিজের ফেসবুক পেজে মাস্তুলের কাজের বিশদ বিবরণসহ অ্যাম্বুলেন্স দেয়ার খবরটি জানিয়েছেন সাকিব। বিস্তারিত পোস্টে তিনি লিখেছেন, ‘জনপ্রিয় অনলাইন ফান্ডরাইজিং ক্যাম্পেইন “অকশন ফর একশন” আমন্ত্রন জানায় মাস্তুল ফাউন্ডেশনকে কোভিড-১৯ দুর্যোগ পরিস্থতিতে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার চিশতি ইকবাল এটিকে সাকিব আল হাসানের নজরে এনেছিলেন, যিনি অতি দ্রুত সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে মাস্তুল ফাউন্ডেশনকে সহায়তা করার।

মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টার্ড সামাজিক প্রতিষ্ঠান। মাস্তুলের রয়েছে নিজস্ব স্কুল এবং এর বাইরে ২২টি স্কুলে, ১২ জেলায় ১১০০ সুবিধাবঞ্চিত গরিব শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, জুতা, মুজা, বই, খাতা সহ সকল শিক্ষার উপকরণ দিয়ে সহযোগিতা করে আসছে। এর পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চিত করা হচ্ছে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের দাফনের কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন। এ কাজের জন্য তারা নিজেদের অর্থ খরচ করে ভাড়ায় নেয়া অ্যাম্বুলেন্স ব্যবহার করছে।

সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং মাস্তুল ফাউন্ডেশন একত্রে সিদ্ধান্ত নেই যে যত দ্রুত সম্ভব অ্যাম্বুলেন্স সেবা দিয়ে করোনা আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হওয়া যায়। আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনে আমাদের এই সেবা নিয়ে হাজির হয়েছি।’

মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে জনসেবায় হাত মেলানোর জন্য তাদের যোগাযোগের নম্বর দিয়ে সাকিব আরও লিখেছেন, ‘চাইলে দেশের এই ক্রান্তিলগ্নে আপনিও মাস্তুল ফাউন্ডেশনের এই সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। দাফনের কাপড়, পিপিই, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, গ্লাভস দিয়ে এগিয়ে এসে আপনিও আমাদের সাথে দেশের এই দুর্যোগে সমাজের পাশে দাড়াতে পারেন। অ্যাম্বুলেন্স সার্ভিস ও মাস্তুল ফাউন্ডেশনকে সহযোগিতার জন্য এই নম্বরে যোগাযোগ করুনঃ 01730482279, 01715097762’।

Related Articles

Leave a Reply

Back to top button