সিইসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাইকোর্টের আদেশের পরও রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন না দেওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে আবেদনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে তার বিরুদ্ধে কেন কার্যক্রম ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
গত ১০ ফেব্রুয়ারি তৎকালীন সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে এ আবেদন করা হয়।
আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সময়ে ঘটা বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলেও এখন নতুন সিইসি আসায় আদালত অবমাননার রুলটি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে জারি করা হয়েছে।
তিনি আরও জানান, গণসংহতি আন্দোলন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের কাছে আবেদন করে। যায়নি প্রকিয়া শেষে উচ্চ আদালত ২০১৯ সালের ১১ এপ্রিল রুল মঞ্জুর করেন এবং রায় ও আদেশের অনুলিপি প্রাপ্তির ৩০ দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেন।
আদালতের সুস্পষ্ট রায় ও নির্দেশ থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন কোনো প্রকার পদক্ষেপ নেয়নি বলে জানান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।



