বাংলাদেশ

সারাদেশে ১৪ দিনের ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ

করোনা মোকাবিলায় গঠিত ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি’, সারাদেশে কমপক্ষে ১৪ দিন সম্পূর্ণ ‘শাটডাউন’ দেওয়ার সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (২৪ জুন) কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৩ জুন) কমিটির ৩৮তম সভায় সার্বিক দিক আলোচনা করে সারাদেশে পূর্ণ শাটডাউনের এ সুপারিশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে সারাদেশেই উচ্চ সংক্রমণ এবং ৫০টির বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে করোনা প্রতিরোধে এলাকাভিত্তিক লকডাউন কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা অনুযায়ী কঠোর ব্যবস্থা ছাড়া করোনার বিস্তৃতি ঠেকানো সম্ভব নয়। ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গেও জাতীয় কারিগরি কমিটির আলোচনা হয়েছে।

বলা হয়, সার্বিক দিক বিবেচনা করে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ঝুঁকি ঠেকাতে কমিটি সর্বসম্মতিক্রমে সারাদেশে কমপক্ষে ১৪ দিন শাটডাউনের সুপারিশ করছে‌। এসময়ে জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে, আমাদের যতই প্রস্তুত থাকুক না কেন, স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে।

এছাড়া সভায় করোনা থেকে পূর্ণ মুক্তির জন্য ৮০ শতাংশের বেশি মানুষকে টিকা দেয়া প্রয়োজন বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button