সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে করোনা ভাইরাস নিয়ে প্রশ্নের জেরে এক সাংবাদিকের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন। পরে অন্য এক সাংবাদিকের সঙ্গে বাদানুবাদের পর হঠাৎ সম্মেলনস্থল ছেড়ে চলে যান তিনি। ওই বাকবিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। খবর সিবিএস নিউজ, দ্য গার্ডিয়ান, সিএনএন।
সোমবার (১১ মে) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে ট্রাম্প তার প্রশাসন করোনা পরীক্ষার জন্য কত ডলার দিয়েছে সেই তথ্য তুলে ধরেন। কিন্তু তিনি ১১ বিলিয়নের জায়গায় ভুল করে ১ বিলিয়নের কথা উল্লেখ করেন।
এক পর্যায়ে চীনা বংশোদ্ভূত সিবিএস নিউজ-এর হোয়াইট হাউস প্রতিনিধি ওয়েজিয়া জিয়াং প্রশ্ন করেন। তিনি বলেন, ‘আপনি বহুবার বলেছেন অন্যান্য দেশের চেয়ে যুক্তরাষ্ট্র করোনা পরীক্ষায় ভালো করছে।যেখানে ৮০ হাজারেরও বেশি মার্কিন নাগরিক মারা গেছে, সেখানে আপনি কেন করোনা পরীক্ষাকে একটি বৈশ্বিক প্রতিযোগিতা হিসাবে দেখছেন?’
উত্তরে ট্রাম্প বলেন, ‘সম্ভবত এই প্রশ্নটি আপনার চীনকে করা উচিত। আমাকে নয়। ঠিক আছে?’
এরপর ট্রাম্প প্রশ্নের জন্য পরবর্তী সংবাদিককে প্রশ্ন করতে বলেন। এ পর্যায়ে সিএনএন-এর সাংবাদিক কেইটলান কলিন্স মাইক্রোফোন নিয়ে বলেন, ‘আমার দুইটি প্রশ্ন আছে।’ উত্তরে ট্রাম্প বলেন, ‘না। অন্য কেউ।’
এ নিয়ে আরেক দফা উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান মার্কিন প্রেসিডেন্ট। এবং এক পর্যায়ে সংবাদ সম্মেলনের ইতি টেনে সম্মেলনস্থল থেকে বেরিয়ে যান ক্ষুব্ধ ট্রাম্প।



