বাংলাদেশ

সর্বোচ্চ নাগরিক সেবায় পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হবে: আইজিপি

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ জানিয়েছেন, নাগরিক সেবায় বাংলাদেশ পুলিশের যেকোনো প্রান্তের যেকোনো সদস্য যত বেশি ইতিবাচক কাজ করবেন ততবেশি পুরস্কার ও প্রণোদনা প্রদান করা হবে ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সদর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় আম্পানের ঠিক আগ মুহূর্তে সুন্দরবনে নিখোঁজ ৬ কিশোর উদ্ধারে পুলিশের সাহসী সদস্য এবং স্থানীয় সহায়তাকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘সমন্বিত উন্নয়নের জন্য জনবান্ধব পুলিশিংয়ের কোনো বিকল্প নেই, সেজন্যই আমরা পুলিশিং সেবাকে নাগরিকদের দোরগোড়ায় নিতে চাই। ঘূর্ণিঝড় আম্পানের ঠিক আগমুহূর্তে সুন্দরবনের নিখোঁজ হওয়া ৬ কিশোর উদ্ধারে বাংলাদেশ পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন, এটি তারই প্রমাণ।’

প্রধানমন্ত্রীর পুত্র ও তার তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ধন্যবাদ জানিয়ে আইজিপি বলেন, ‘বাংলাদেশের জাতীয় জরুরি সেবা ৯৯৯, আমাদেরকে ত্বরান্বিত, গতিশীল এবং সমন্বিত সেবা প্রদান করতে ব্যাপক ভূমিকা পালন করছে। বাংলাদেশ পুলিশের সদস্যরা প্রতিনিয়ত নানা প্রান্তে নানাভাবে ইতিবাচক নাগরিক বান্ধব কাজ করে চলেছে। সেইসব ভালো কাজ সদরদপ্তরের দৃষ্টিতে আনতে হবে, যাতে আমরা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে তাদেরকে প্রণোদনা প্রদান ও পুরস্কৃত করতে পারি।’

পুরস্কার প্রদান অনুষ্ঠানে জাতীয় জরুরি কল সেন্টার ৯৯৯ এর কলটেকার কনস্টেবল পপি আক্তার , বাগেরহাটের ধানসাগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এএসআই) আজিম উদ্দিন, নায়ক মনিরুল ইসলাম, কনস্টেবল জামিল হোসেন, কনস্টেবল জমিরুল ইসলাম, কনস্টেবল আবুল কালাম, কনস্টেবল টুকু মিয়া, কনস্টেবল জহিরুল ইসলাম এবং স্থানীয় নাগরিক ছগীর আকন, মিলন ফরাজী, মুহাম্মদ সগীর হাওলাদার, এবং সোহাগ হাওলাদারকে আইজিপির পক্ষ থেকে বিশেষ সম্মাননা, সার্টিফিকেট ,ক্রেস্ট ও অর্থ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button