বিশ্ব

ইউক্রেনের মানবিক করিডোরে হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশাপাশি উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ, উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি, দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ আর বন্দরনগরী মারিওপোল থেকে বেসামরিক লোকদের সরিয়ে নিতে মানবিক করিডর খোলার ঘোষণা দিয়েছিল রাশিয়া। সেই অসহায় বেসামরিক নাগরিকদের স্থানান্তরের মধ্যেই রাশিয়ার বাহিনী আবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে বলা হয়, ‘একেবারে মানবিক করিডর লক্ষ্য করে শত্রুপক্ষ হামলা চালিয়েছে। ’ রুশ সেনাবাহিনী ‘শিশু, নারী, বয়োজ্যেষ্ঠদের শহর ছাড়তে দেয়নি,’ মন্তব্য করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পোস্টে আরো বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড গণহত্যা ছাড়া আর কিছু নয়। ’ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট বার্তায় বলে, ‘অস্ত্রবিরতি লঙ্ঘিত হয়েছে!’

ইউক্রেনের অবরুদ্ধ শহরগুলোয় কয়েক দিন ধরে রুশ বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করছে। এসব শহরের পানি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে। ঘরে-বাইরে সর্বত্র প্রাণ হাতে করে রয়েছে সাধারণ মানুষ। গত সোমবার রাতেই রুশ বাহিনীর হামলায় সুমি শহরে দুই শিশুসহ কমপক্ষে ২১ জনের প্রাণ গেছে।

দুই পক্ষের ঐকমত্যের ভিত্তিতে এসব শহর থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার সুযোগ দিতে মানবিক করিডর খোলা হয় এবং গতকাল মঙ্গলবার অস্ত্রবিরতি শুরু হয়।

এই অস্ত্রবিরতি স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত বজায় থাকবে—এমন প্রত্যাশার মধ্যেই রাশিয়া মানবিক করিডর লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে ইউক্রেন অভিযোগ করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button