হাসিনা-মোদীর বৈঠক হতে পারে ২৭ মার্চ

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৭ মার্চ মার্চ ঢাকায় আনুষ্ঠানিক বৈঠকে হতে পারে ।
নয়াদিল্লি সফর শেষে আজ রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।
মাসুদ বিন মোমেন বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আগামী ২৫ অথবা ২৬ মার্চ ঢাকায় আসতে পারেন। আগামী ২৭ মার্চ দুই প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে।
তিনি বলেন, দিল্লি সফরকালে পানিবণ্টন ইস্যুতে আলোচনা হয়েছে। তিস্তা নদীর পানিচুক্তি নিয়ে আলোচনাও হয়েছে উভয়পক্ষের মধ্যে। তিস্তা চুক্তি নিয়ে আমাদের মধ্যে হতাশা রয়েছে। তবে এ চুক্তির জন্য আমরা আশাবাদী।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র সচিব বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পর রাখাইনে পরিস্থিতি পর্যবেক্ষণে আমরা ভারতকেও আশা করছি। আমরা সেখানে (দিল্লিতে) আলোচনায় বলেছি, রাখাইনে ভারত, জাপান, আসিয়ানের অন্যান্য দেশও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ২৮ জানুয়ারি দিল্লি সফরে যান। ৩১ জানুয়ারি সকালে দিল্লি সফর শেষে ঢাকায় ফিরেছেন তিনি।
আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফর চূড়ান্তে, ২৮ জানুয়ারি দিল্লি সফরে গিয়েছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।



