স্পোর্টেইনমেন্ট
সকালে ঢাকায় আসছে শ্রীলঙ্কা দল

আগামীকাল (রোববার) সকালে, ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
সকাল পৌনে নয়টায় লঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলের।
বাংলাদেশে এসে তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে লঙ্কানদের। ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত চলবে এই কোয়ারেন্টাইন পর্ব। এর মধ্যে হবে দুইবার করোনা টেস্ট। তাতে উত্তীর্ণ হতে পারলে ১৯ মে থেকে অনুশীলনের সুযোগ পাবে তারা।
২১ ও ২২ মে অনুশীলনের পর ২৩ মে থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু ওয়ানডে সিরিজ।
পরের দুটি ম্যাচ ২৫ ও ২৮ মে। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির, সব কটিরই ভেন্যু মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম। সিরিজ শেষ করে ২৯ মে ঢাকায় ছাড়বে লঙ্কান দল।



