অন্য খবর

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সমরেশ মজুমদার

গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘কালবেলা’-এর স্রষ্টা সমরেশ মজুমদার।

শুক্রবার কলকাতার বাইপাস এলাকায় একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসকরা ভারতের জাতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সমরেশ মজুমদার। শ্বাসনালীতে গভীর সংক্রমণই এই শ্বাসকষ্টের কারণ। এই মুহূর্তে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি।

হাসপাতালে তার বুকের এক্সরে, সিটি স্ক্যান, রক্তপরীক্ষাসহ আনুষঙ্গিক টেস্টগুলো করা হচ্ছে। করোনা টেস্টও ইতোমধ্যে করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

৭৯ বছর বয়সী সমরেশ মজুমদার দুই বাংলার পাঠককে দশকের পর দশক করে বিমুগ্ধ করে রেখেছেন তার লেখনিতে। ১৯৭৬ সালে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার প্রথম উপন্যাস ‘দৌড়’। সেই যাত্রা শুরু, এরপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আট কুঠুরি নয় দরজা, অনুরাগ-এর মতো উপন্যাস বাঙালিকে উপহার দিয়েছেন তিনি।

তার লেখালেখির গণ্ডি শুধু গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সমকালীন বাংলা ছোটগল্প, ভ্রমণকাহিনি থেকে গোয়েন্দাকাহিনি, কিশোর উপন্যাসের ক্ষেত্রে সমরেশ মজুমদারের সমতুল্য লেখক আধুনিক বাংলা সাহিত্যে খুব বেশি নেই। সূত্র: হিন্দুস্তান টাইমস

Related Articles

Leave a Reply

Back to top button