বাংলাদেশ

শেখ হাসিনাকে হত্যা চেষ্টা: প্রকাশ্যে ১৪ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, গোপালগঞ্জের কোটালীপাড়ায় সমাবেশস্থলের পাশে বোমা পুঁতে রাখার ঘটনায় ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জনের রায় ফায়ারিং স্কোয়াডে কার্যকরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন।

রায়ে আদালত বলেন, ‘একটি ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ মোতাবেক তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্তৃপক্ষের কোনো অসুবিধার কারণ থাকলে প্রচলিত নিয়ম অনুসারে ফাঁসিতে ঝুলিয়ে আসামিদের প্রত্যেকের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো।’

প্রায় ২০ বছর আগে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১৪ জঙ্গির ফাঁসির আদেশ দেন আদালত। গত ১১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল। এ মামলায় হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আবদুল হান্নান মূল আসামি হলেও অন্য মামলায় তার ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলার রায়ে তার নাম বাদ দেয়া হয়েছে।

মামলার ১৪ আসামির মধ্যে মফিজুর রহমান, মাহমুদ আজহার, রাশেদুজ্জামান, তারেক হোসেন, আবদুল ওয়াদুদ মোল্লা, সালোয়ার হোসেন মোল্লা, মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম ও আনিসুল ইসলাম কারাগারে রয়েছেন। এছাড়া পলাতক আছেন আজিজুল হক, লোকমান, ইউসুফ শেখ, মো. এনামুল হক ও মোছাহেব হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button