শুরু হলো বঙ্গবন্ধু লেকচার সিরিজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু লেকচার সিরিজ।
বিজয়ের মাসের প্রথম দিনে মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ লেকচার সিরিজের উদ্বোধন করা হয়।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিরিজের আয়োজন করে।
সকাল ১১টায় শুরু হওয়া আজকের প্রথম লেকচারে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঐতিহাসিক বিজয়ের মাসে আমরা আরেকটি ইতিহাস রচনাকারী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছি, তা হলো ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’। প্রথম লেকচারার হিসেবে মঙ্গলবার বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিত।
আগামী মাসে আমরা প্রস্তাব করেছি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বক্তব্য দেবেন। বঙ্গবন্ধু নিজে একজন ইনস্টিটিউট ছিলেন। তিনি একজন ভিশনারি নেতা ছিলেন। সাধারণ মানুষের অধিকার এবং বৈষম্য দূর করতে তিনি সারাজীবন কাজ করে গেছেন। সে সাধারণ মানুষের সত্যিকার বন্ধু ছিলেন। আমাদের তার জীবন এবং জীবন দর্শন সম্পর্কে গবেষণা করতে হবে। এর জন্য আমরা বঙ্গবন্ধু কূটনৈতিক সেন্টার চালু করেছি। এটি ছাড়াও বিদেশের ৭৮টি মিশনের মধ্যে ৬৮টি মিশনে আমরা বঙ্গবন্ধু কর্নার চালু করেছি। এসব মিশনে বঙ্গবন্ধুকে নিয়ে সেমিনার, ডায়ালগ, চলচিত্র প্রদর্শনী আয়োজন করা হবে।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দুইজন কূটনীতিককে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা দুইজন কূটনীতিককে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছি। এদের একজন আমাদের দেশের এবং আরেকজন বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক। আগামী ১৬ ডিসেম্বর তাদের নাম প্রকাশ করা হবে।
২০২১ সালে বাংলাদেশে ওয়ার্ল্ড পিস কনফারেন্স আয়োজনের প্রস্তাব করা হয়েছে জানিয়ে আবদুল মোমেন বলেন, বঙ্গবন্ধু শান্তির বাহক ছিলেন এবং তিনি সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে ছিলেন। আগামী বছর বাংলাদেশের ৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় ওয়ার্ল্ড পিস কনফারেন্স আয়োজনের প্রস্তাব করেছি আমরা। এর মাধ্যমে বিশ্বের সব শান্তিকামীদের একটি সমাবেশ হবে।
কী-নোট স্পিকার এবং প্রথম বঙ্গবন্ধু লেকচারার হিসেবে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, একটি নতুন দেশ গঠনে যা যা করা দরকার তার অনেক কিছুই করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির দর্শন কী হবে, জাতির সামনে এগিয়ে যাওয়ার পথ কী হবে তিনি দেখিয়ে গেছেন। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছরেই তিনি নেতৃত্বের মধ্যে দিয়ে জাতি গঠনের ভিত্তি রচনা করে গেছেন। তিনি জনগণকে এতটাই ভালবাসতেন যে, এ দেশের কোনো মানুষ তাকে হত্যা করতে পারে তিনি সেটা মানতেই চাননি।

দেশি-বিদেশি রাষ্ট্রদূত, বুদ্ধিজীবী, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি ভার্চুয়াল ও সরাসরি অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল ৭১ ও চ্যানেল আই, ডিবিসি, নিউজ ২৪ টেলিভিশনে এবং বিজনেস স্টান্ডার্ড পত্রিকা ও নিউজ নাও বাংলা পোর্টাল ফেসবুকে অনুষ্ঠানটি সরাসরি প্রচার করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পুরো সময় ধরে এ লেকচার সিরিজ অব্যাহত থাকবে এবং প্রতি মাসে কমপক্ষে একটি করে লেকচার অনুষ্ঠিত হবে। এটি দেশের পাশাপাশি বাংলদেশের বৈদেশিক মিশনের মাধ্যমেও অনুষ্ঠিত হবে।



