শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারো বাড়লো ১১ সেপ্টেম্বর পর্যন্ত

করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে, ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। পরে বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
জানা গেছে, করোনা সংক্রামণের হার ৭-৮ শতাংশে নামলে স্কুল-কলেজ খোলা হবে। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে আগের ঘোষণা অনুযায়ী চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন করে ক্লাস নেওয়া হবে। আর প্রথম ধাপে অন্য ক্লাসের শিক্ষার্থীদের নেওয়া হবে একদিন করে ক্লাস। একটি ক্লাসের শিক্ষার্থী তিনটি কক্ষে বসানো হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে তাদের সপ্তাহে দুইদিন করে ক্লাস নেওয়া হবে।



