ইকোবিজ
করোনার কারণে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে মার্চে, এবার আয়োজন পূর্বাচলে

করোনা মহামারির কারণে দুইমাস পিছিয়ে মার্চ মাসে শুরু হতে যাচ্ছে ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে মার্চের ১৭ তারিখ রাজধানীর পূর্বাচলে নতুন ভ্যেনুতে মেলার আয়োজন হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়।
রবিবার (১৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বোর্ডসভায় বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সভায় সভাপতিত্ব করেন।
সূত্র জানায়, চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রীকে চিঠি দেবে আয়োজক প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। অনুমতি মিললে ডিসেম্বরেই কেবল রপ্তানি করে এমন প্রতিষ্ঠানের কাছে দরপত্র চাওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক ক্রেতা ও প্রতিষ্ঠানকে মেলায় অংশ নিতে এ মাসেই দূতাবাসগুলোকে চিঠি দেওয়া হবে।



