শাহজালালে দুই বিমানের সংঘর্ষ, তিন কর্মকর্তা বরখাস্ত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় মুখ্য প্রকৌশলীসহ রাষ্ট্রীয় সংস্থাটির ৩ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিমানের গঠন করা ৪ সদস্যের তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। পূর্ণাঙ্গ তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বরখাস্তরা হলেন, মুখ্য প্রকৌশলী মো. হারুন-উর-রশিদ চৌধুরী,প্রকৌশল কর্মকর্তা শাহ হক নেওয়াজ ও জুনিয়র টেকনিক্যাল কর্মকর্তা নুরুল আলম।
এদিকে বিমানের এক আদেশে বলা হয়, বিমানের চিফ অব ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদারের নেতৃত্বে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী দায়ীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত ৩ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।দিবাগত রাত সোয়া ৯টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ডানায় (উইং) বিমানেরই আরেকটি ৭৩৭ উড়োজাহাজের ডানা আঘাত করে। এতে বিমানের উড়োজাহাজ বোয়িং-৭৮৭ এবং বোয়িং-৭৩৭ এর ডানা ক্ষতিগ্রস্ত হয়।



