বাংলাদেশ

শান্তিরক্ষা মিশন পরিদর্শনে দক্ষিণ সুদানে গেলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, চার দিনের সরকারি সফরে দক্ষিণ সুদানে গেছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনী প্রধান, মালদ্বীপে থেকে শুক্রবার দক্ষিণ সুদানে পৌঁছান। এর আগে তিনি মালদ্বীপে তিন দিনের সরকারি সফরে ব্যস্ত সময় কাটান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী প্রধান সুদানের জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান দক্ষিণ সুদানের চিফ অব ডিফেন্স ফোর্স জেনারেল সানতিনো দেং উল ও সে দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (আনমিস) ভারপ্রাপ্ত ফোর্স কমান্ডার মেজর জেনারেল মাইন উল্লাহ চৌধুরী (বাংলাদেশ সেনাবাহিনী) সহ অন্যান্য বাংলাদেশী ও দক্ষিণ সুদানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা।

সফরকালে সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শন করবেন। সেই সঙ্গে তিনি দক্ষিণ সুদান সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, চিফ অব ডিফেন্স ফোর্স এবং জাতিসংঘ মিশন প্রধানসহ অন্যান্য নেতৃস্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২৩ ফেব্রুয়ারি জুবা থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে।

সেনাপ্রধানের এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিসহ সে দেশের সেনাবাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button