রয়টার্সে প্রথম নারী প্রধান সম্পাদক

১৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনও নারী প্রধান সম্পাদকের পদে বসতে যাচ্ছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে। তার নাম আলেসান্দ্রা গ্যালোনি। সূত্র: সিএনএন।
৪৭ বছর বয়সী, রোমের অধিবাসী গ্যালোনি, স্টিফেন জে. অ্যাডলারের স্থলাভিষিক্ত হতে চলেছেন। গত এক দশক ধরে রয়টার্সকে নেতৃত্ব দেয়ার পর চলতি মাসে অবসরে যাচ্ছেন অ্যাডলার। তার অধীনে সংস্থাটি পুলিত্জার পুরস্কারসহ সাংবাদিকতায় শত শত সম্মাননা অর্জন করেছে।
গ্যালোনি এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করেছেন। ব্যবসায়িক এবং রাজনৈতিক সংবাদের ক্ষেত্রে তার প্রচুর অভিজ্ঞতা রয়েছে।
গ্যালোনি রোমের অধিবাসী। তিনি চারটি ভাষা জানেন। রয়টার্সের হয়ে ব্যবসা-বাণিজ্য ও রাজনৈতিক সংবাদ কভারের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ। রয়টার্সের আগে তিনি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় কাজ করেন।
রয়টার্স যখন নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি, তখন সংবাদ সংস্থাটির নেতৃত্ব গ্রহণ করতে যাচ্ছেন গ্যালোনি। বর্তমানে বিশ্বজুড়ে রয়টার্সের প্রায় ২ হাজার ৫০০ সাংবাদিক আছেন। ২০০৮ সাল থেকে থমসন রয়টার্স করপোরেশনের অংশ রয়টার্স।
গ্যালোনি তার সহকর্মীদের বলেছেন, প্রধান সম্পাদক হিসেবে তার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে সংস্থাটির বৃহত্তম গ্রাহক রেফিনিটিভের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখা। পাশাপাশি, রয়টার্সের ডিজিটাল এবং ইভেন্টস ব্যবসা বাড়ানোতেও অগ্রাধিকার দেবেন তিনি।
আলেসান্দ্রা গ্যালোনি হার্ভার্ড ইউনিভার্সিটি ও লন্ডন স্কুল অব ইকনোমিকস থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন। পেশাগত জীবনের শুরুর দিকে কাজ করেছেন রয়টার্সের ইতালীয় ভাষার সংবাদ পরিষেবায়। পরে যোগ দেন দ্য ওয়াল স্ট্রিট জার্নালে। সেখানে ১৩ বছর কাজ করার পর ২০১৩ সালে আবারও রয়টার্সে ফেরেন তিনি।
প্রধান সম্পাদক হিসেবে নিয়োগের বিষয়ে গ্যালোনি বলেন, ১৭০ বছর ধরে স্বাধীন, বিশ্বাসযোগ্য ও বৈশ্বিক সাংবাদিকতার মানদণ্ড নির্ধারণ করেছে রয়টার্স। প্রতিভাবান, নিবেদিত ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকে ভরা বিশ্বমানের একটি নিউজরুমে নেতৃত্ব দেয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে তার নতুন চ্যালেঞ্জ।



