বাংলাদেশ

রিজেন্ট হাসপাতালের ৭ কর্মকর্তা রিমান্ডে

রাজধানীর রিজেন্ট হাসপাতালে নমুনা পরীক্ষা ছাড়াই করোনা সংক্রান্ত জাল সনদ প্রদানসহ বিভিন্ন অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ওই হাসপাতালের সাত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— হাসপাতালের অ্যাডমিন অফিসার আহসান হাবীব (৪৫), এক্সরে টেকনিশিয়ান হাসান (৪৯), মেডিক্যাল টেকনোলজিস্ট হাকিম আলী (২৫), রিজেন্ট গ্রুপের প্রজেক্ট অ্যাডমিন রাকিবুল ইসলাম (৩৯), রিজেন্ট গ্রুপের এইচআর অ্যাডমিন অমিত অনিক (৩৩), গাড়িচালক আব্দুস সালাম (২৫) ও আব্দুর রশীদ খান জুয়েল (২৮)।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক শেখ রকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার উত্তরা পশ্চিম থানার এই মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আলমগীর গাজী আসামিদের আদালতে হাজির করেন। মামলার সুষ্ঠু তদন্তে প্রয়োজনে আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক আসামিদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাতে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Related Articles

Leave a Reply

Back to top button