বাংলাদেশ

রিজেন্টের প্রধান কার্যালয়সহ দুই হাসপাতাল সিলগালা

রাজধানীর উত্তরায় রিজেন্টের প্রধান কার্যালয়সহ উত্তরা ও মিরপুরের হাসপাতাল সিলগালা করে দেয়া হয়েছে। সিলগালা করার আগে ওই দুই হাসপাতাল থেকে রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।

করোনা পরীক্ষার নামে রোগীদের কাছ থেকে টাকা নিয়ে পরীক্ষা ছাড়ায়ই রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গতকাল সোমবার উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রিজেন্টের ৮ কর্মকর্তাকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দিত রিজেন্ট হাসপাতাল। সরকারের কাছ থেকে বিনামূল্যে কোভিড-১৯ টেস্ট করার অনুমতি নিয়ে রিপোর্টপ্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকা আদায় করত তারা। এভাবে ৬ হাজারের বেশি মানুষের সঙ্গে প্রতারণা করে মোট তিন কোটি টাকার হাতিয়েছে রিজেন্ট।

এসব অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ নিজে অফিসে বসে করতেন বলে জানান র‌্যাবের এই ম্যাজিস্ট্রেট।

রিজেন্টের প্রধান কার‌্যালয় থেকে এসব অপকর্ম হতো বলে এটি সিলগালা করা হয়েছে জানিয়ে সারওয়ার আলম বলেন, পাশাপাশি রোগীদের স্থানান্তর করে হাসপাতাল দুটিও সিলগালা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button