বিশ্ব

যে কোনো পরিস্থিতিতেই পরমাণু যুদ্ধে জড়ানো যাবে না: পুতিন-বাইডেনের যৌথ বিবৃতি

শেষ পর্যন্ত প্রথমবার মুখোমুখি বসলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও বৈঠক পূর্বনির্ধারিতই ছিল। প্রায় চার ঘণ্টাব্যাপী প্রতীক্ষিত বৈঠক শেষে দুই প্রেসিডেন্ট যৌথ বিবৃতিতে শিগগিরই পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে দ্বিপক্ষীয় কৌশলগত সংলাপ শুরু করতে সম্মতির ঘোষণা দিয়েছেন। সেইসঙ্গে যেকোনও উত্তেজনাকর পরিস্থিতিই সৃষ্টি হোক না কেন, কোনোভাবেই সামরিক সংঘাত ও পরমাণু যুদ্ধে জড়ানো যাবে না বলেও বিবৃতিতে স্পষ্ট করেছেন তারা।

সুইজারল্যান্ডের জেনেভার ভিলা লা গ্রেঞ্জে স্থায়ীয় সময় বুধবার (১৬ জুন) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের মধ্যে এ বৈঠক হয়।

এ দুই নেতার যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ পর্যন্ত এ কথা প্রমাণ করেছে যে, তারা চরম উত্তেজনাকর মুহূর্তেও সামরিক সংঘাত ও পরমাণু যুদ্ধ এড়িয়ে যেতে সক্ষম।

প্রেসিডেন্টদ্বয়ের যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, পরমাণু যুদ্ধে কেউ বিজয়ী হতে পারবে না। কখনোই এ ধরনের যুদ্ধে জড়ানো যাবে না।

পুতিনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার উন্নয়ন শুধু দুটি দেশের স্বার্থই রক্ষা করবে না, সেইসঙ্গে তা গোটা বিশ্বের কল্যাণ বয়ে আনবে। তিনি ইরানের পরমাণু সমঝোতা নিয়েও রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

বাইডেন দাবি করেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ স্বার্থে দুটি দেশ এ নিশ্চয়তা অর্জন করতে চায় যে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না।

Related Articles

Leave a Reply

Back to top button