প্রত্যেক উপজেলা থেকে ২ জনের নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে করোনা ভাইরাসের সঠিক তথ্য জানতে দেশের প্রত্যেক উপজেলা থেকে অন্তত ২ জন করে সন্দেহভাজন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এ নির্দেশের কথা জানান স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমইএস) ডা. মো হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা থেকে অন্তত দুজনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বিভিন্ন বিভাগীয় পরিচালকগণকে নমুনা সংগ্রহের নির্দেশনা দিয়েছেন।’
আজ বৃহস্পতিবারের মধ্যে সারা দেশ থেকে অন্তত ১০০০ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলেও জানান ডা. হাবিবুর।



