মোশাররফ রুবেলের জন্য মাশরাফির প্রার্থনা

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
মোশাররফ রুবেলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ্যতা কামনা করেছেন মাশরাফি।
মাশরাফি লিখেছেন, ‘মোশাররফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দেন।’
২০১৯ সালের মার্চে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। দেড় বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু গত জানুয়ারির শেষ সপ্তাহে এমআরআই করার পর দেখা গেছে, পুরোনো টিউমারটি আবার নতুন করে বাড়ছে। তারপর থেকে আবার শুরু হয়েছে কেমোথেরাপি। সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নিয়েছেন। গত ১১ অক্টোবর ইউনাইটেড হাসপাতালেই সবশেষ কেমোথেরাপি নিয়েছেন তিনি। হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। বুধবার সেখান থেকে তাকে নেওয়া হয় আইসিইউতে।



