বাংলাদেশ

মেট্রোরেলে ৩০ শতাংশ ভাড়া কমাতে বলছে আইপিডি

মেট্রোরেলে ৩০ শতাংশ ভাড়া কমানোর পরামর্শ দিয়েছে পরিকল্পনা ও উন্নয়ন গবেষণা এবং নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
সোমবার (২৬ ডিসেম্বর) ‘রাজধানীর টেকসই পরিকল্পনায় মেট্রোরেল: প্রেক্ষিত ও করণীয়’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনায় এ পরামর্শ দেওয়া হয়।
আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, ঢাকায় প্রতিদিন সাড়ে তিন থেকে চার কোটি ট্রিপ তৈরি হয়। দ্রুতগতিতে ট্রিপ সম্পন্ন করার অংশ হিসেবে মেট্রোরেল চালু করা যুগান্তকারী পদক্ষেপ। তবে মেট্রোরেলের ভাড়া যেন সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে থাকে, সে ব্যাপারে জোর দাবি জানাই।
তিনি বলেন, মেট্রোরেলের যে ভাড়া নির্ধারণ করা হয়েছে, তার থেকে ৩০ শতাংশ কমাতে হবে। কারণ, ভাড়া বেশি হলে প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে না।
আইপিডির পক্ষ থেকে আদিল মুহাম্মদ খান ভাড়া কমানো ছাড়াও শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নির্ধারণ, পাঁচ বছরের কম বয়সী শিশুদের ভাড়া মওকুফ করার পরামর্শ দেন।
এছাড়া মেট্রোরেল স্টেশনে বহু মাধ্যমভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থা চালু করা এবং স্টেশনের আশপাশে পথচারীদের প্রাধান্য দিয়ে হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করার প্রতিও জোর দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button