মুরাদ হাসানের বিরুদ্ধে স্ত্রীর জিডি

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এর দ্বারা শারীরিক নির্যাতনের শিকার এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (ডিজি) করেছেন তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধানমন্ডি থানায় এই জিডি করা হয়েছে। এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া।
তিনি বলেন, দুপুরে ৯৯৯ এ কল করে পুলিশের সহযোগিতা চেয়েছিলেন মুরাদ হাসান-এর স্ত্রী। পরে পুলিশ তাঁর বাসায় গেলে মুরাদ হাসানকে পাওয়া যায়নি।
তিনি বলেন, এই ঘটনায় নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে জিডি করেছেন মুরাদ হাসান-এর স্ত্রী জাহানারা এহসান। যেহেতু জিডি হয়েছে, এটির আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্প্রতি এক চিত্রনায়িকার সঙ্গে ডা. মুরাদের অশালীন ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এই সংসদ সদস্যকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ৭ ডিসেম্বর তিনি পদত্যাগ করলে ওইদিন রাতেই তার পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। একইদিনে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর ধারাবাহিকতায় তাকে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বৃহস্পতিবার মুরাদ হাসানকে তার নিজ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।এ ছাড়া মুরাদের আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ বাতিলের বিষয়েও দলের পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে কানাডার উদ্দেশে দেশত্যাগ করেছিলেন তিনি। এরপর কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেও তাকে সে দেশে ঢুকতে দেওয়া হয়নি।
সেখান থেকে তাকে দুবাইগামী একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। কিন্তু দুবাইও তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। সেখানেও ব্যর্থ হওয়ার পর আর উপায় না পেয়ে দেশে ফিরে আসেন।



