বিশ্ব

মিয়ানমারে সেনা হামলায় গ্রামে আগুন, নিহত ২

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় একটি গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাসীন জান্তা বিরোধীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর একটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, এতে দুই বৃদ্ধ পুড়ে মারা গেছেন। [ খবর বার্তা সংস্থা রয়টার্স ]

বুধবার গ্রামটির কয়েকজন বাসিন্দা এ ঘটনার জন্য নিরাপত্তা বাহিনীকে দায় দিয়েছে।

পরিচয় না প্রকাশ করার শর্তে গ্রামবাসীরা বলেন, জান্তা বিরোধীদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা বাহিনী গ্রামে অগ্নিসংযোগ করে আর তাতে অন্তত দুই জন পুড়ে মারা যায়।

গ্রামটির বাস্তুচ্যুত বাসিন্দাদের সহায়তায় নিয়োজিত ৩২ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবী জানান, যে দুই জন মারা গেছেন তারা বৃদ্ধ, আগুন লাগার পর বাড়ি ছেড়ে পালাতে পারেননি তারা। কিছু লোক বুধবার গ্রামে ফিরে তাদের মৃতদেহ দেখতে পায়।

দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, মাগওয়ে অঞ্চলের প্রায় ৮০০ বাসিন্দার গ্রাম কিন মা-তে মঙ্গলবার ‘সন্ত্রাসীরা’ আগুন লাগিয়ে দিয়েছিল। আর যে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে অন্যকিছু বলা হচ্ছে তারা ‘ইচ্ছাকৃতভাবে সামরিক বাহিনীর সুনামহানির চেষ্টা করছে’।

রয়টার্স স্বতন্ত্রভাবে আগুন লাগার কারণ যাচাই করতে পারেনি এবং এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও জান্তার মুখপাত্র জবাব দেননি বলে জানিয়েছে।

পুড়ে যাওয়া গ্রামটির বেশ কিছু ছবি রয়টার্স দেখেছে এবং গ্রামটির বেশ কয়েকজন বাসিন্দা টেলিফোনে বার্তা সংস্থাটিকে বলেছেন, বুধবার কিন মাতে শুধু ৩০টির মতো ঘর অবশিষ্ট ছিল, প্রায় ২০০ ঘর পুড়ে ছাই ও ইটের স্তূপে পরিণত হয়েছে।

রয়টার্স জানিয়েছে, আগুনটি নাসার স্যাটেলাইট ফায়ার-ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে রেকর্ড করার মতো বড় ছিল এবং মঙ্গলবার ১৫২২ জিএমটিতে যা রেকর্ডও করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button