বিশ্ব

মিয়ানমারে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ৩০ সেনা নিহত

বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের সামরিক বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছে। খবর: এএনআই

বুধবার (১৩ অক্টোবর) ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে, দেশটির সাগাইং অঞ্চলে এ ঘটনা ঘটে।

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী প্রতিরোধ যোদ্ধাদের গ্রুপ পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সদস্যদের বরাতে সংবাদমাধ্যম রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে, মান্দালাই শহরের দক্ষিণ-পশ্চিমে ইরাবতী নদীর তীরের সাগাইং অঞ্চলে মিয়ানমারের সামরিক বাহিনী অভিযান শুরু করে। এরপরই প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তাদের সংঘর্ষে ৩০ জন বার্মিজ সেনা নিহত হয়।

পিডিএফের একজন মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকালে সংঘর্ষের সময় শহরের বাইরে মিয়ানমারের সামরিক বাহিনীর একটি কনভয় ল্যান্ডমাইনের কবলে পড়ে। এ সময় একজন কমান্ডারসহ সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত হন।

তিনি বলেন, ‘রোববার থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর ওই কনভয়ের অপেক্ষায় ছিলাম আমরা। কারণ সরকারি বাহিনীর একজন সিনিয়র কমান্ডার (অভিযান চালাতে) এদিকে আসার কথা বলেছিলেন।’

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button