বাংলাদেশ

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন শেখ হাসিনার

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার এ খবর জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় শেখ হাসিনা বলেন, ‘মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের সরকার এবং জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি খুব আনন্দিত।’

শেখ হাসিনা জানান, মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীর ওপর অর্পিত দেশটির জনগণের বিশ্বাস ও আস্থা তার দীর্ঘকালীন রাষ্ট্রনায়কত্ব, বিচক্ষণতা এবং জনসাধারণের প্রতিশ্রুতির স্পষ্ট সাক্ষ্য বহন করে।

প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন, ইসমাইল সাবরির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আরও সমৃদ্ধ এবং অগ্রসর হবে।

ভ্রাতৃত্ব, সহযোগিতা এবং সমৃদ্ধির ওপর ভিত্তি করে বাংলাদেশ এবং মালয়েশিয়ার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের কথাও পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘উভয় দেশই সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্র—বিশেষ করে শিক্ষা, মানব সম্পদ, ব্যবসা, বিনিয়োগ, পর্যটন, নির্মাণ শিল্প এবং কৃষিক্ষেত্রে সহযোগিতামূলক অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রধানমন্ত্রী আরও জানান, তিনি বিশ্বাস করেন, দুই দেশের মধ্যে বর্তমানে বিদ্যমান বহুমুখী ও প্রাণবন্ত সম্পর্ক ইসমাইন সাবরির দায়িত্ব পালনকালে আরও শক্তিশালী হয়ে উঠবে।

মালয়েশিয়ায় বাসবাসকারি উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সে দেশের উন্নয়ন এবং বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তিনি ইসমাইল সাবরির সঙ্গে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক প্রেক্ষাপটে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। শেখ হাসিনা মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও শান্তি এবং মালয়েশিয়ার জনগণের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Back to top button