মালিক সমিতির অনুরোধেই মার্কেট খোলার অনুমতি: বাণিজ্যমন্ত্রী

দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রক্ষিতেই সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রক্ষিতেই ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকলে ৪টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। তবে যারা খুলবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মার্কেট খোলার অনুমতি দেয়া হলেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তাহলে ক্রেতা মার্কেটে আসবে কীভাবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে যিনি যে এলাকার বাসিন্দা তিনি সে এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। এজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।
এ সময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, করোনা পরিস্থিতিতে আগামী ৪ মাসেও দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্যা হবে না।
তিনি বলেন, ক্রেতারা যাতে সারা বছর সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজণীয় পণ্য কিনতে পারেন, সে জন্য চাহিদার নিরিখে আগামী এক বছরের অগ্রিম আমদানি কার্যক্রম গ্রহণে আমদানিকারকদের চিঠি দেওয়া হয়েছে। এছাড়া আমাদের পর্যাপ্ত পণ্যের মজুদ রয়েছে। আমরা আগে থেকেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুদ করেছিলাম, ফলে প্রচুর স্টক আছে। আরেও ৪ মাসেও দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো সমস্যা হবে না। টিসিবিও পণ্য বিক্রিতে প্রস্তুত আছে।
এছাড়া, আগামী শনিবার থেকে (৯ মে) থেকে ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।
যাতে কোনো অনিয়ম না হয় বাণিজ্য মন্ত্রণালয় সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে জানিয়ে টিপু মুনশি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার তদারকিতে টিসিবি, ভোক্তা অধিকার ও মন্ত্রণালয় সার্বক্ষণিক কাজ করছে।
ভোক্তা অধিকার এখন পর্যন্ত ২ হাজার ২শ’ জায়গায় অভিযান চালিয়ে অনিয়মের কারণে ব্যবসায়ীদের জরিমানা করেছে করেছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।



