মার্চের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৫ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি এবং আগামী মার্চ মাসের ভেতর ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক। বলেন, কোনো ঘাটতি নেই, আমাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে।
শনিবার দুপুরে মানিকগঞ্জে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ উদযাপন কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও অনুদান প্রদানের সময় এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মহামারিতে পৃথিবীতে এ পর্যন্ত ৫০ লাখ মানুষ মারা গেছে। নতুন একটি ভাইরাস, তার গতিবিধি সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। তার চিকিৎসা কি, কিভাবে তার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে, কেউ জানে না। সেই অবস্থা থেকে শুরু করে আমরা এখন অনেকটাই ভালো আছি।
মন্ত্রী আরো বলেন, শারদীয় দুর্গা পূজায় আপনারা প্রার্থনা করবেন যাতে বাংলাদেশ করোনামুক্ত হয়ে যায়, করোনায় যাতে আর কারো মৃত্যু না ঘটে এবং দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে, ১ দিনে ৮০ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেক।



