মার্কিন নির্বাচন থেকে শিক্ষা নিন, সরকার ও ইসিকে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে শিক্ষা নিতে বলেছেন ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার অবৈধ সরকার, তারা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধবংস করে ফেলেছে। গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধবংস করে ফেলেছে। কিন্তু এটা শেষ নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘তাদের আজকে দেখা উচিত, আওয়ামী লীগের এবং যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের এই নির্বাচন (যুক্তরাষ্ট্রের নির্বাচন) থেকে এই শিক্ষা নেয়া উচিত যে, নির্বাচন কমিশন কাকে বলে?’
বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে আমেরিকার নির্বাচনের যেরকম… যারা অথোরিটি তারা দেখেন, সমস্ত চাপের মুখেও কিন্তু অবিচল থেকেছেন। সেই অবিচল থেকে তারা আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে- ‘দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র’।’
‘গণতান্ত্রিক প্রতিষ্ঠান যদি না থাকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। প্রতিষ্ঠানকে নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষ, শক্তিশালী হতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ নিরপেক্ষ শক্তিশালী হতে হবে, প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ এবং জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। আজকে এই আওয়ামী লীগ, যারা বার বার ক্ষমতায় এসে পরিকল্পিভাবে, আত্মম্ভরিতা করে, অহংকার করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে।’
‘সরকার অন্ধকার গহবরে’ মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা (সরকার) তো অন্ধকারে আছেন। দেখতে পারছেন না আপনার চারদিকে কী অবস্থা, মানুষের মধ্যে কী চলছে, তাদের চোখের ভাষা আপনারা পড়তে পারছেন না, দেয়ালের লিখন আপনারা দেখতে পারছেন না। আপনারা সেই অন্ধকার গহবরের মধ্যে বাস করছেন। সেই সাথে দেশকে টেনে নিয়ে গেছেন ওদিকে, জাতিকে টেনে নিয়ে গেছেন ওদিকে।’
‘সেই গহবর থেকে আমরা স্বপ্ন দেখাতে চাই। আমরা সূরযের আলো দেখাতে চাই। আসুন আমরা সবাই মিলে সেই চেষ্টা করি। আমরা আহবান থাকবে এই নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটি নিরপেক্ষ সরকার তৈরি করে সেই নিরপেক্ষ সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।’
বর্তমান নির্বাচন কমিশনকে পদত্যাগ করা আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই নির্বাচন কমিশনের প্রতিষ্ঠান ধবংস হয়ে গেছে। এখানে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে, এখানে প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে। কোনও চাকরি হয় না- ডিএনএ টেস্ট না করে। অর্থাৎ বিএনপির কোনও গন্ধ থাকলে তার চাকরি হয় না। অন্য সব জায়গাতে ঘটছে, সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে একই ঘটনা এখন পর্যন্ত চলছে। আনওয়ানটেড, আনফুরচুনেড ইনসিডেন্ট।’



