
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আহ্বান জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যম্নত্রীর ডাকে সারা দিয়ে শুক্রবার কলকাতা আসছেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়েই ঘুরে দেখবেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি।
আম্পানে রাজ্যে ইতিমধ্যেই ৭২জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা। ওড়িশাতেও যাবেন প্রধানমন্ত্রীর আম্পানের খোঁজখবর নিতে।
প্রধানমন্ত্রীর অফিস টুইটারে জানিয়েছে একসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পর প্রশাসনিক বৈঠক হবে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে। সেখানে কতটা ক্ষতি হয়েছে, সেই সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট তাঁকে দেবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গ বিশেষত দুই পরগনা মারাত্মক ভাবে আম্পানে ক্ষতিগ্রস্ত। ত্রাণের কাজ, পুনর্গঠনের কাজের বিষয় কেন্দ্র-রাজ্য সমন্বয় নিয়ে কথা হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে ওড়িশায় যাবেন মোদী, যেখানে কিছুটা প্রভাব পড়েছে আম্পানের।
এর আগে সকালে মোদী আম্পান নিয়ে টুইটে বলেন তারা কোনও ফাঁক রাখবেন না অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে।
এদিন প্রাথমিক ভাবে ১০০০ কোটি টাকার ফান্ড গঠন করেছেন মুখ্যমন্ত্রী আম্পানের ত্রাণ ও উদ্ধারকার্যের জন্য। মৃতদের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।



