শেষ শ্রদ্ধায় সিক্ত কামাল লোহানী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় রাজধানীর উদীচীর কার্যালয়ে।
শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে কামাল লোহানীর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে নেওয়া হয়। এর আগে রাজধানীর শেখেরটেকের কোয়ান্টাম ফাউন্ডেশনে তার মরদেহ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী গোসল করানো হয়। সেখান থেকে আনা হয় উদীচী কার্যালয়ে।
উদীচী, জাতীয় শ্রমিক জোট, ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি, বিবর্তন সাংস্কৃতিক ফোরাম, কেন্দ্রীয় খেলাঘর, হাতেখড়ি, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন, নবনাট্য সংঘ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সিপিবি কেন্দ্রীয় কমিটি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলাদেশ ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি কামাল লোহানীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীতে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি এক ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
গত ১৮ জুন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বার্ধক্যজনিত নানা সমস্যার কারণে গত ১৭ মে সকালে তাকে একই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।



