ভুয়া সিল-স্বাক্ষরে সরকারি চাকরি, ২ প্রতারক গ্রেফতার

ভুয়া সিল-স্বাক্ষর করে, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা অংকের বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে, নিয়োগ দেয়ার নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এমনই অভিযোগে চক্রটির ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিআইডি’র ঢাকা মেট্রো-উত্তর টিমের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- সৈয়দ আরিফ হাসান ওরফে রনি ও সাইফুল ইসলাম।
এসএসপি খালিদুল হক হাওলাদার বলেন, ‘চাকরি দেয়ার আশ্বাস দিয়ে বেশ কয়েকজন ভুক্তভোগীর কাছ থেকে বিপু্ল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে একটি চক্র। এমন অভিযোগ পাওয়ার পর গতকাল বুধবার রাজধানীর তেজগাঁও থানার মনিপুরীপাড়ায় অভিযান চালিয়ে চক্রটির ২ সদস্যকে গ্রেফতার করা হয়।’
তিনি বলেন, ‘গ্রেফতারকৃতদের কাছ থেকে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে ভুয়া নিয়োগপত্র, যোগদানপত্র, বেতন বিল, অনুমোদনপত্র, অগ্রিম বেতন বিলের অনুমোদন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস আদেশ ও বদলির আদেশসহ ৭টি বিভিন্ন সিল মোহর, একটি মনিটর, একটি পিসি, একটি স্ক্যানার মেশিন, একটি প্রিন্টার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।’
গ্রেফতারকৃত সৈয়দ আরিফ হাসান ওরফে রনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। এই প্রতারক চক্রের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে নিরীহ সহজ সরল বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিভিন্নপদে চাকরি দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছে।
তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেছে সিআইডি।



