রশিদ ছাড়া ভোজ্যতেল কেনাবেচা বন্ধ

রশিদ ছাড়া ভোজ্যতেলের কোনো ব্যবসা করা যাবে না বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এএইচএম সফিকুজ্জামান।
মঙ্গলবার (৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়ে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
এ সময় এএইচএম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেয়া হয়েছে। এসময় পর থেকে পণ্য কেনার সময় অবশ্যই পাকা রশিদ নিয়ে পণ্য কিনতে হবে। এবং বিক্রির সময়ও পাকা রশিদ দিতে হবে। পাকা রশিদ ছাড়া কোনো ব্যবসা করা যাবে না।
তিনি আরো জানান, দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। রমজান পর্যন্ত চাহিদা মেটানো যাবে। যারা কৃত্রিম সংকট বানিয়ে দাম বাড়ানোর পাঁয়তারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবসা পরিচালনায় সব রকমের সহযোগিতার আশ্বাসও দেন সফিকুজ্জামান।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকারের ডিজি বলেন, বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে অভিযান চলছে, তা চলমান থাকবে বলেও জানান তিনি।



