বাংলাদেশ

ভাষা শহীদদের স্মরণে লাখো মোমবাতি প্রজ্বলন

প্রতি বছরের মতো এবারও নড়াইলে ভাষা শহীদদের স্মরণে জ্বালানো হয় লাখো মঙ্গলপ্রদীপ ও মোমবাতি।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতি বছরের মতো এবারো শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (কুরিরডোব মাঠ) এ আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান মোমবাতি জ্বালিয়ে লাখো মঙ্গল প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন উদ্বোধন করেন।

শহীদ মিনার, জাতীয় স্মৃতি সৌধ, বাংলা বর্ণমালা, আল্পনাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। সেই সঙ্গে ভাষা দিবসের ৭১তম বার্ষিকীতে ৭১টি ফানুষ ওড়ানো হয়।

এ সময় জেলা পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, পৌর মেয়র আনজুমান আরা, একুশের আলো, নড়াইলের সহসভাপতি অ্যাড. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মলয় কুমার কুন্ডু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, সংসদ সদস্য মাশরাফীর বাবা গোলাম মোর্তজা স্বপনসহ নড়াইলের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

একুশ উদযাপন পর্ষদের কর্মকর্তারা জানান, ভাষাশহীদদের স্মরণে ১৯৯৮ সাল থেকে ব্যতিক্রমী এই আয়োজন শুরু হয়। প্রথমবার নড়াইলের সুলতান মঞ্চ চত্বরসহ শহরের বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ খেলার মাঠ সংলগ্ন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লাখো মোমবাতি প্রজ্জ্বলন করে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে।

বর্ণাঢ্য এই আয়োজন দেখতে দূর-দুরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন এখানে।

Related Articles

Leave a Reply

Back to top button