ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি ঘটনার তদন্ত হবে: ডিআইজি

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজত ও মাদরাসাছাত্রদের জ্বালাও-পোড়াও ভাঙচুরসহ ব্যাপক সহিংসতার প্রতিটি ঘটনা তদন্ত করা হবে।
সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি এ কথা জানান।
ডিআইজি বলেন, ‘এখানে ২০টিরও বেশি ঘটনাস্থল রয়েছে। সব ঘটনাতেই মামলা প্রক্রিয়াধীন আছে। সিআইডি ও পিবিআই বিশেষজ্ঞ দল ডাকা হয়েছে। প্রতিটি ঘটনার আলামত সংগ্রহ করা হবে। প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ দল তদন্ত করবে।’
তিনি আরও বলেন, ‘ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ নীরব ছিল না। সাধ্যমত চেষ্টা করেছে পুলিশ। যতটুকু পেরেছে পুলিশ করেছে। বাইরে থেকে অতিরিক্ত পুলিশ এনে সাপোর্ট দেয়া হয়েছে। তবু এ ব্যাপারে অতিরিক্ত ডিআইজিকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।’
এসময় ডিআইজির সঙ্গে স্থানীয় পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে গত শুক্রবার (২৬ মার্চ) ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় সংঘাত ও প্রাণহানির পর রবিবার সারা দেশে হরতাল পালন করে হেফাজতে ইসলাম। সেই হরতাল ঘিরে রবিবার সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম মেড্ডা ও সরাইলের খাটিহাতায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হেফাজত কর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।
এক পর্যায়ে হেফাজত কর্মীরা জেলা পরিষদ কার্যালয়, পৌরসভা কার্যালয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়, জেলা সরকারি গণগ্রন্থাগার ও শহীদ ধীরেন্দ্রনাথ চত্বরে আয়োজিত উন্নয়ন মেলায় আগুন দেয়। এছাড়াও হরতাল সমর্থনকারীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়, ব্যাংক এশিয়া ও ওস্তার আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ভাঙচুর চালায়।



