বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার জানাজায় জনসমাগমে তদন্ত কমিটি, প্রতিবেদন ২২ এপ্রিল

লকডাউনের নির্দেশনা ভেঙে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বেড়তলাস্থ জামিয়া রাহমানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আল্লামা জুবায়ের আনসারীর জানাজায় জনসমাগমের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে (প্রশাসন ও অর্থ) সভাপতি করে গঠিত তিন সদস্যের কমিটির অপর দু’জন হলেন- চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।

কমিটিকে আগামী ২২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত আলেম মাওলানা জুবায়ের আহমদ আনসারী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। শনিবার সকালে সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

লকডাউন উপেক্ষা করে হাজার হাজার মানুষের জানাজায় অংশ নেয়ায় এরই মধ্যে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন এবং সার্কেল এএসপি মাসুদ রানাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দফতর।

Related Articles

Leave a Reply

Back to top button