বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকার বাফেলো এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশিদের এয়ারপোর্টে পৌঁছে দেয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। কেপটাউন থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাফেলো নামক শহরে মালবোঝাই একটি লরির সঙ্গে তাদের বহনকারী গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ বাংলাদেশি মারা যান। গুরুতর আহত দুই বাংলাদেশিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ৫ জনের মধ্যে ৪ জনই ফেনীর বাসিন্দা। নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার ইসমাইল হোসেন, দাগনভূঁইয়া উপজেলার মোস্তফা কামাল, রাজু আহমেদ, মো. হোসেন এবং তার ছেলে নাজিম হোসেন। আহতরা হলেন, আনিসুল হক এবং নাহিদ।



