বাংলাদেশ

নকল মাস্ক: শারমিনকে রিমান্ডে চায় ডিবি

নকল মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে চায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২৫ জুলাই) তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন আদালতে পাঠানো হয়।

ডিবির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) আজিমুল হক ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার শারমিন জাহানকে তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন আদালতে পাঠানো হয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

এদিকে, শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে শারমিন জাহানকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগ।

ডিবি জানায়, অপরাজিতা ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী শারমিন জাহানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছে।

ওই মামলার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। করোনা মহামারিতে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান বিএসএমএমইউয়ের রোগীদের চিকিৎসার জন্য নকল এন-৯৫ মাস্ক দিয়েছে অভিযোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোজাফফর আহমেদ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শারমিন জাহানকে আসামি করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button