বাংলাদেশভূরাজনীতি

সাংবাদিকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করুন: সরকারকে নাসিম

করোনাবিরোধী যুদ্ধে সাহসী সৈনিক দেশের সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত ও তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানিয়েছেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘অন্যদের মতো সাংবাদিকদের জন্যও ত্রাণ ও প্রণোদনার ব্যবস্থা করা উচিত। করোনায় আক্রান্ত হয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবির খোকন মারা গেছেন। শুধু তাই নয়, ঢাকা ও মফস্বলের অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। সাংবাদিকরা করোনা মোকাবিলায় সরকারকে সহযোগিতা করছেন। করোনা সমস্যা মোকাবিলায় অনেক সীমাবদ্ধতা, অনেক প্রতিষ্ঠানের ব্যর্থতার কথাও সাহসের সাথে তুলে ধরছেন সাংবাদিকরা।’

১৪ দলের এ মুখপাত্র বলেন, ‘চিকিৎসার ক্ষেত্রে সীমাবদ্ধতা ও ত্রাণ তৎপরতায় সফলতা ও ব্যর্থতার কথাও সাংবাদিকদের মাধ্যমে আমরা জানতে পারছি। আজকে দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা অনেক খবর খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসী ও প্রশাসনের কাছে পৌঁছে দিচ্ছেন। চিকিৎসক, নার্স ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো মাঠে কর্মরত সাংবাদিকরাও করোনাবিরোধী যোদ্ধা।’

তিনি বলেন, ‘আজকে করোনায় অনেকে মারা যাচ্ছে, অনেকে আক্রান্ত হচ্ছে। তাদের সহায়তা করা সরকার ও মিডিয়ার মালিক পক্ষের দায়িত্ব ও কর্তব্য।’

এই সময়ে সাংবাদিক বন্ধুদের জন্য কোনও রকম সহায়তা করা যায় কিনা- তা বিবেচনা করতে তিনি প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ জানান।

Related Articles

Leave a Reply

Back to top button