বাংলাদেশ

বীকন ফার্মাসিউটিক্যালসের এমডি সাংসদ এবাদুল করিম করোনায় আক্রান্ত

তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং দেশের বৃহৎ ওষুধ শিল্প প্রতিষ্ঠান বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তার ব্যক্তিগত সহকারী (পিএ) মোক্তার সিকদার আজ বুধবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে তিনি ঢাকার বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

সংসদ সদস্যদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি তিনি।

মোক্তার সিকদার আরও জানান, সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বেশ কয়েকদিন ধরেই করোনা উপসর্গে ভুগছিলেন। পরে গত ১৯ মে (মঙ্গলবার) তার করোনার নমুনা পরীক্ষায় (কোভিড-১৯) পজিটিভ আসে। এরপর থেকে তিনি ঢাকার নিজ বাসায় স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তিনি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিকন ফার্মা ২০০টির বেশি জেনেরিক ওষুধ এবং ক্যান্সারের ৬৫টি ওষুধ উৎপাদন করে। এশিয়া, আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশে বিকনের ওষুধ রপ্তানি হয়। প্রায় ২ হাজার কর্মী এ কোম্পানিতে কাজ করছেন।

এবাদুল করিম বীকন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও আবাসন খাতের প্রতিষ্ঠান বীকন ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

Related Articles

Leave a Reply

Back to top button