বিসিবির কাছে ৫ নারী ক্রিকেটারের অভিযোগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) চিঠি দিয়েছেন পাঁচ নারী ক্রিকেটার। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরের পারিশ্রমিক এখনো বুঝে না পাওয়ার অভিযোগ এনে এই চিঠি।
২০১৯ সালে সর্বশেষ মেয়েদের ঢাকা লিগ মাঠে গড়ায়। মাঝে করোনার কারণে দুই বছর মেয়েদের ক্রিকেট লিগ বন্ধ ছিল। আগামী ২০ তারিখ থেকে আবার মাঠে ফিরবে মেয়েদের এই টুর্নামেন্ট। তার আগে চলছে দলবদল প্রক্রিয়া।
এবারের টুর্নামেন্ট শুরুর আগে শেখ রাসেলের বিরুদ্ধে অভিযোগ আনলেন নারী ক্রিকেটাররা। বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বরাবর লেখা চিঠিতে এবারের ঢাকা লিগ শুরুর আগেই পারিশ্রমিকের বিষয়টির সুরাহা চেয়েছেন তাহিন তাহেরা, তাজিয়া আক্তার, ইতি মন্ডল, রুপা রায় আর শায়লা। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নারী বিভাগের ম্যানেজার তৌহিদ মাহমুদ।
পারিশ্রমিক বকেয়ার বিষয়টি শেখ রাসেলের ম্যানেজার জাকির আবদুল্লাহও স্বীকার করেছেন। আগামী এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যেই পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।



