বাংলাদেশ

রাজধানীতে বিজিবি মোতায়েন

রাজধানীর উত্তপ্ত পরিস্থতি নিয়ন্ত্রণে ২২ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে সরকার। বাহিনীর সদর দফতরে এখনো ১০ প্লাটুন বিজিবি স্ট্যান্ডবাই রাখা আছে। নির্দেশ পেলে তাদেরও মাঠে নামানো হবে।

আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

বিজিবির সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাকরাইলের সংঘর্ষের পর সেখানে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের সঙ্গে আট প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজনে তারা রাস্তায় নামবে বলেও জানান তিনি।

কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ওই এলাকায় বিজিবি সদস্যরা টহল দেয়া শুরু করেছেন। বেশ কয়েকটি গাড়ি নিয়ে বিজিবি সদস্যদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে ওই এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। অন্যদিকে বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। একপর্যায়ে বিএনপি সমর্থিত নেতাকর্মীরা পিছনে হটে সমাবেশের দিকে সরে যায়।

Related Articles

Leave a Reply

Back to top button