বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে দিশেহারা বিএনপি নেতারা : কাদের

বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ কাছ থেকে বার বার প্রত্যাখ্যাত বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দেশের বিচারবিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির তথাকথিত আন্দোলন ব্যর্থ হওয়ায় মির্জা ফখরুলরা এখন পাগলের প্রলাপ বকছেন। বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণের কাছে থেকে বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। তারা এক এক সময় এক এক কথা বলছেন। কখনো বিদেশি প্রভুদের কৃপা প্রত্যাশায় তাদের স্তুতি করেন। আবার কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে তাদের বিরুদ্ধে বিষোদগার করেন।
গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন, নির্বাচনী ব্যবস্থাকে হত্যা করে এখন তারা নিজেদের গণতন্ত্রকামী হিসেবে প্রকাশ করছেন, যা হাস্যকর। সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান ও তার উত্তরাধিকারী খালেদা জিয়ার শাসনামলে দেশে শুধু যুদ্ধাপরাধী ও পাকিস্তানপন্থিরা রাজনীতি করতে পেরেছে। তাদের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের অবাধ বিচরণ ছিল। মহান মুক্তিযুদ্ধের সুমহান আদর্শ ও প্রগতিশীল চেতনা নির্বাসিত ছিল।
২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের ২৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাসহ আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে ‘সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশ’র নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে ২২ নেতাকর্মীকে হত্যা করা হয়। নিজেদের কৃতকর্মের জন্য বিএনপির মধ্যে কোনো অপরাধবোধ নেই। তারা এখনও ওই হামলাকারীদের পক্ষে সাফাই গায়। আরেকটি ১৫ আগস্ট সৃষ্টির হুমকি দেয়। যে দল নিজেরা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক রীতিনীতি ও সংস্কৃতিকে ধারণ করে না, দেশের মানুষকে তারা কী গণতন্ত্র দেবেন?
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মানবিক, কল্যাণকর ও সুদক্ষ নেতৃত্বের কারণে গত দেড় দশকে বাংলাদেশ এক অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রায় ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে। এই সাফল্য-সংগ্রাম এগিয়ে নিতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।



