নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে শেখ হাসিনার অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী ওই অভিনন্দন বার্তার বরাত দিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশ এবং নেপালের মধ্যে একাধিক অভিন্ন এবং অংশীদারিত্বের ভিত্তিতে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান।
নবনির্বাচিত প্রধানমন্ত্রী শের বাহাদুরের নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান বহুমুখী সহযোগিতা আরও গভীরতর হবে বলে গভীর আস্থা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, পঞ্চমবারের মতো উচ্চপদে ফিরে আসা এবং ১৮ জুলাই নেপালের সংসদের নিরঙ্কুশ সমর্থন আপনার নেতৃত্বের ওপর জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের যে বিশ্বাস ও আস্থার প্রমাণ।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী সম্প্রতি নেপালের রাষ্ট্রপতির সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের কথা স্মরণ করেন, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মতো দুটি অনুষ্ঠানে অপরিসীম মূল্য সংযোজন করেছে। এ সময় সুবিধাজনক সময়ে শের বাহাদুর দেউবাকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।
দুই দেশের পারষ্পরিক উন্নয়ন এবং আর্থসামাজিক উন্নয়নে নিবিঢ়ভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



