বিএনপি নেতারা অন্ধ ও বধির: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা এতটাই অন্ধ ও বধির যে, বহু আগেই জনগণ তাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে, তা তারা শুনতে পায়না।
আজ সোমবার সকালে তার বাসভবনে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে সরকারের নাকি পতন ঘণ্টা বেজে গেছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে। বিএনপির কথা ও কাজে মিল নেই। তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদেরই রাজনীতির অন্যতম প্রধান বাধা।
তিনি আরও বলেন, জনগণ কি চায়, কি চায় না, তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক।
নির্বাচনের বাইরে গিয়ে অন্যকোন চোরাগলি খোঁজা গণতন্ত্রে সংবিধান সম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন এসকল অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে।
এসময় বিএনপিকে নির্বাচনমূখী হওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।



